সাদা চোখে জনতুষ্টির বাজেট, কিন্তু...
প্রতিবছরের মতো এ বছরও যথানিয়মে ১১ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। বাজেট সংসদে পেশ করা, পাস করানো একটি গতানুগতিক ব্যাপার। প্রতিবছর জুন মাসের প্রথম সপ্তাহের শেষ বৃহস্পতিবার বাজেট পেশ করা হয়, সংসদে ৩০ জুন পাস হয়, এটাই রীতি। এ বছর একটু ব্যতিক্রম। জুন মাসের প্রথম সপ্তাহের প্রথম বৃহস্পতিবার না হয়ে দ্বিতীয় সপ্তাহের শেষ বৃহস্পতিবারে সংসদে বাজেট উপস্থাপন করা হয়েছে। এর কারণ কী, তা বোধগম্য নয়। তবে যেহেতু বাজেট নিয়ে আলোচনা করার জন্য শক্ত বিরোধী দল নেই, তাই হয়তো সংসদে বাজেট নিয়ে চুলচেরা বিশ্লেষণ, আলোচনা-সমালোচনা এসব একটু কম হবে, সময় কম লাগবে। তাই হয়তো বরাবরের রীতির একটু বিপরীত, দ্বিতীয় সপ্তাহে বাজেট পেশ হয়েছে। আর একটা ব্যতিক্রম হলো, নির্বাচিত সরকার যখন ক্ষমতায় থাকে, বাজেট পেশের পরপরই সরকারি দলের পক্ষ থেকে—‘সাধারণ মানুষের কল্যাণের বাজেট’, ‘যুগোপযোগী বাজেট’—এই ধরনের ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল বের হয়।
প্রথমে মনে হবে সাধারণ মানুষের জন্য যুগোপযোগী বাজেট। যেমন চাল, ডাল, আটা, ভোজ্যতেলসহ অনেক নিত্যপণ্যের ওপরে শুল্ক হ্রাস করা হয়েছে। ৬০টি পণ্যের ওপরে বলতে গেলে শূন্য শুল্ক করা হয়েছে—০.৫ শতাংশ শুল্কহার—শূন্যের কাছাকাছি। এখন সবাই ভাবতেই পারেন, আগামী বছর জীবনযাত্রার মান সহজ হবে, সস্তায় ভোগপণ্য কেনা যাবে, জীবন সহজ হবে।
আরও লক্ষণীয় ব্যাপার হলো—এ বছর শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট অনেক বাড়ানো হয়েছে, বাড়ানো হয়েছে বিদ্যুৎ খাতেও। মনে হবে, আমরা চাহিদামতো স্বাস্থ্যসেবা ও মানসম্পন্ন শিক্ষা পাব। এটা আমাদের আকাঙ্ক্ষা, আমরা এ আশা করতেই পারি। তবে বাস্তবতা কী বলে, বিগত দিনে আমরা কী দেখেছি—তার ওপর ভিত্তি করে খুব একটা যে আশাবাদী হওয়া যাবে, তেমন মনে হয় না। অতীত অভিজ্ঞতা বলে, বাজেট বৃদ্ধি পেলে সেবা পাওয়া যাবে—এমন কোনো কথা নেই।
আমাদের দেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি কারিগরি বিশ্ববিদ্যালয়। সেখানে শিক্ষার মান উন্নয়ন দরকার। শিক্ষার মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের যথাযথ ট্রেনিং দিয়ে মানসম্পন্ন শিক্ষক তৈরি করতে হবে। আর দরকার একমুখী শিক্ষাব্যবস্থা।
আমাদের মোট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ২৬ হাজার মেগাওয়াট। গড়পড়তা আমাদের দরকার প্রতিদিন ১৫ হাজার মেগাওয়াট। এখানে দরকার বিদ্যুৎ বিভাগের যথাযথ পরিকল্পনা, নির্দিষ্ট বিদ্যুৎকেন্দ্রগুলোকে যথাসময়ে মেরামত করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন করা। সবচেয়ে যে জিনিসটির দরকার সেটা হলো বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানির ব্যবস্থা করা। আমাদের বিদ্যুৎকেন্দ্রগুলো প্রায়ই বন্ধ থাকে জ্বালানির অভাবে।
তবে একটা আশার কথা হচ্ছে, আগামী আগস্ট থেকে জাতীয় গ্রিডে প্রায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে। সে ক্ষেত্রে অনেকটা লোডশেডিং কমে আসবে এবং এই বিদ্যুতের উৎপাদন খরচও অনেক কম।
এবার বাজেটের মূল আলোচ্য বিষয় হবে রাজস্ব আহরণ। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে প্রায় ৭ লাখ কোটি টাকার রাজস্ব আহরণ করতে হবে। গত বছরের লক্ষ্যমাত্রা এখন পর্যন্ত অর্জিত হয়নি। এখন পর্যন্ত প্রায় ১ লাখ কোটি টাকার ঘাটতি আছে। জুলাইয়ের ১০ তারিখের মধ্যে এই ১ লাখ কোটি টাকা আদায় হবে বলে মনে হয় না।
পরিসংখ্যান বলে, প্রায় ৭০ থেকে ৭৫ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি থাকবে। এই ঘাটতি নিয়ে নতুন লক্ষ্যমাত্রায় পৌঁছানো খুব একটা সহজ হবে বলে মনে হয় না। আমাদের রাজস্ব সাধারণত পরোক্ষ কর নির্ভর। এই পরোক্ষ কর হলো ভ্যাট এবং কাস্টমস ডিউটি। যদি নতুন নতুন কলকারখানা তৈরি না হয়, তাহলে কাঁচামাল আমদানি হবে না। মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট আদায় হবে না। আবার মানুষের ক্রয়ক্ষমতা যদি কমে যায়, তাহলে ভোগ্যপণ্য আমদানি কম হবে, কাস্টমস ডিউটি আদায় করা কষ্টসাধ্য হবে। সে ক্ষেত্রেও রাজস্বের ঘাটতি থেকে যাবে। আয়করের ক্ষেত্রে যে অতি দ্রুত চিত্র বদলে যাবে, সে রকম মনে হয় না। মানুষের দৈনন্দিন আয় খুব একটা বাড়েনি। মানুষের আয় না বাড়লে তো আয়করের ঘাটতি থেকেই যাবে।
গত বছরের চিত্র বা এ বছরের শুরুতে যে রকম লক্ষণ দেখা গেছে, তাতে ব্যক্তি শ্রেণির করদাতারা খুব একটা স্বাচ্ছন্দ্যে নেই। আর তাদের কর থেকে আয়করের জোগান সামান্যই। নতুন শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ সে রকম চোখে পড়ছে না। ক্যাপিটাল মেশিনারি আমদানি আগের তুলনায় কোনোক্রমেই বৃদ্ধি পায়নি। প্রতিষ্ঠান আয়কর যদি না বাড়ে, তাহলে আয় করার ক্ষেত্রে উন্নতি খুব একটা হবে না। ব্যক্তি শ্রেণির আয়করের ক্ষেত্রে যতই চাপাচাপি করা হোক না কেন, সুফল খুব একটা আসবে বলে মনে হয় না। এদিকে মানুষের আর্থিক সচ্ছলতা কিছুটা হলেও যে হ্রাস পেয়েছে, তার বড় উদাহরণ হলো এ বছর কোরবানির অনেক পশু বিক্রি হয়নি।
- ট্যাগ:
- মতামত
- জাতীয় বাজেট