প্রশ্নের মুখে এসডিএফের কার্যক্রম, বাড়ছে রাষ্ট্রের ঋণ
দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধিকতর সামাজিক ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ২০০০ সালে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) প্রতিষ্ঠা করে সরকার।
সম্পূর্ণ অলাভজনক ভিত্তিতে পরিচালিত এ প্রতিষ্ঠান গত আড়াই দশকে দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় বিশ্বব্যাংকের ঋণ ও সরকারি তহবিল থেকে মোট ৬ হাজার ৪৮৩ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ ও ব্যয় করেছে। তবে বিপুল এ অর্থ ব্যয় এবং দীর্ঘ সময় ধরে পরিচালিত কার্যক্রমের পরও এসডিএফের সামগ্রিক সাফল্য ও কার্যকারিতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অন্যদিকে রাষ্ট্রের ঘাড়ে চাপছে প্রকল্পগুলোর জন্য নেয়া বৈদেশিক ঋণের বোঝা।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সুশাসনের ঘাটতি, অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে দুর্বলতা এবং অতিরিক্ত আমলাতান্ত্রিক প্রভাবের কারণে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম কাঙ্ক্ষিত ফল দিতে পারেনি। দারিদ্র্য বিমোচনের নামে বিভিন্ন সময় নেয়া প্রকল্প ও কর্মসূচির অনেকগুলোই ছিল যথাযথ পরিকল্পনা ও বাস্তবতার নিরীক্ষা ছাড়াই পরিচালিত। ফলে ব্যয়িত অর্থের একটি বড় অংশের প্রত্যাশিত সামাজিক ও অর্থনৈতিক সুফল পাওয়া যায়নি।