শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ‘ক্ষতিকর প্রভাব’ ঠেকাতে বড় পদক্ষেপ নিয়েছে নরওয়ে।
রয়টার্স লিখেছে, শিশুদের মৌলিক শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় দেশটির প্রাথমিক বিদ্যালয়গুলোতে এবার জেনারেটিভ এআই ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী ইয়োনাস গায়ার স্তোরে বলেছেন, এআই ব্যবহারের কারণে শিশুরা তাদের শিক্ষার গুরুত্বপূর্ণ কিছু ধাপ এড়িয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায়। স্কুলগুলোর এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত শিশুদের মৌলিকভাবে ‘পড়া, লেখা ও গণিত’ শেখানো।
অগাস্টের শেষদিকে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নিয়মটি কার্যকর হবে।
প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত, অর্থাৎ ৬ থেকে ১৩ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা পুরোপুরি প্রযোজ্য হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
টিনএজারদের জন্য নীতিটি কিছুটা শিথিল করা হয়েছে। যেমন, ১৪ থেকে ১৬ বছর বয়সীরা এআই ব্যবহার করতে পারবে। তবে তা অবশ্যই ‘শিক্ষকের তত্ত্বাবধানে’ হতে হবে।