বাজে ব্যাটিংয়ে শেষ ম্যাচও হেরে হোয়াইটওয়াশড বাংলাদেশ
আগের ম্যাচের উইকেটেই খেলা। সেদিন দুই দলের রান ছিল দুইশর কাছাকাছি। সেই ২ ব্যাটিং স্বর্গেল এবার এবার মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নামা দলের ব্যাটসম্যানরা প্রতিযোগিতায় নামলেন, কে কার চেয়ে খারাপ শট খেলতে পারে! আগেই সিরিজ হেরে যাওয়া দল শেষ ম্যাচটিতে হেরে গেল আরও বাজেভাবে।
ওয়ানডে সিরিজে হেরে যাওয়া অস্ট্রেলিয়া টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে ছাড়ল বাংলাদেশকে। তিন ম্যাচ সিরিজের শেষটি তারা জিতে নিল ৭ উইকেটে।
চট্টগ্রামে রোববার বাংলাদেশ ২০ ওভার খেলে করতে পারে মোটে ১০৯ রান। অর্ধেকের বেশি রান একাই করেন তাওহিদ হৃদয়। লিটন দাসের চোটে এই সিরিজে নেতৃত্ব দেওয়া ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৬১ রানে।
উইকেট যে আসলে ব্যাটিংয়ের জন্য কতটা ভালো, তা পরিষ্কার হয়ে গেছে ম্যাচের পরের ভাগে। রান তাড়ায় অস্ট্রেলিয়ানরা জিতে যায় স্রেফ ১১ ওভারেই।
আগের দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক মিচেল মার্শ এবার করেন ২৭ বলে ৬০।
ম্যাচের সেরা যদিও স্পেন্সার জনসন। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২টি উইকেট নেন বাঁহাতি এই পেসার। অস্ট্রেলিয়ার হয়ে পুরো চার ওভার বোলিংয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে মিত্যবয়ী বোলিংয়ের রেকর্ড এটি। বাংলাদেশের বিপক্ষেও এটি যৌথভাবে সবচেয়ে কিপটে বোলিং (ড্যানিয়ল ভেটোরির সঙ্গে)।