বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি অন্যতম প্রধান বিমান চলাচল কেন্দ্র বা ‘অ্যাভিয়েশন হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি সমন্বিত মহাপরিকল্পনা (সিভিল অ্যাভিয়েশন মাস্টার প্ল্যান) প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
আজ রোববার রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘সিভিল অ্যাভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিমানবন্দরগুলোর অবকাঠামো আধুনিকায়ন, যাত্রী ও কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণের লক্ষ্যেই এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, বাংলাদেশকে একটি আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক পরিকল্পনার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, ‘দেশের বিমান চলাচল খাত আগামী ২০ থেকে ৩০ বছরে ঠিক কোথায় পৌঁছাবে, সেই রূপরেখা এই মহাপরিকল্পনায় তুলে ধরা হবে।’
বিমান চলাচল খাতকে জাতীয় অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে পর্যটনমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিমান খাতকে আরও আধুনিক, দক্ষ ও প্রতিযোগিতামূলক করতে কাজ করছে সরকার।