যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ৩২ জনকে হত্যা করল ইসরায়েল, হুমকির মুখে ইরান–মার্কিন শান্তি আলোচনা
কয়েক ঘণ্টা আগেই উভয়পক্ষ যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হওয়া সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এই সহিংসতা ভঙ্গুর শান্তি প্রক্রিয়াকে সুসংহত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনাকে ব্যাহত করার হুমকি সৃষ্টি করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ওপর ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার পরবর্তী আলোচনা আজ রোববার সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত হবে বলে গতকাল শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। এতে মার্কিন ও ইরানি প্রতিনিধিরা অংশ নেবেন এবং পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরাও উপস্থিত থাকবেন।
তবে দক্ষিণ লেবাননে চলমান ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা পরিকল্পিত এই আলোচনাকে জটিল করে তুলেছে। ইরান লেবাননে যুদ্ধবিরতিকে এই কূটনৈতিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য মনে করে এবং এটি মার্কিন-ইরান আলোচনাকে ‘সফল বা ব্যর্থ’ করতে পারে বলে মনে করছে। অথচ গত শুক্রবারই ইরান-সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে।
লেবাননের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, শনিবার দেশের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, কফার রেমান গ্রামে ইসরায়েলি হামলায় এক লেবানিজ সেনা নিহত হয়েছেন।