তোমাদের মেসি–এমবাপ্পের মতো ভালো খেলোয়াড় হতে হবে: প্রধানমন্ত্রী
প্রথম আলো
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ২২:৩০
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খেলাধুলার মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে হবে। এখন থেকে লেখাপড়াও করতে হবে, তবে খেলা ছাড়লে হবে না। যে যেই খেলা পছন্দ করবে, সে সেইটা খেলবে। খেলাধুলার চর্চা ধরে রাখতে হবে। উদ্ভাবনের চেষ্টাও করতে হবে।
আজ শনিবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথাগুলো বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘২২ লাখ ছেলেমেয়ে গত দেড় মাসে এই গোল্ডকাপে ১ লাখ ২৩ হাজার ইভেন্ট খেলেছে। আয়োজকদের বলব, আপনারা গিনেস বুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন, যাতে আমাদের এ কাজগুলো তারা গিনেস বুকে দিতে পারে।’