প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে হবে ১৭ চুক্তি-সমঝোতা, আলোচনায় থাকবে তিস্তা
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে অন্তত ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করছে বাংলাদেশে। নদী ব্যবস্থাপনা, বেসরকারি বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশের সংযুক্ত হওয়ার বিষয়টি থাকবে সফরের মুখ্য আলোচনায়।
আগামীকাল রোববার প্রধানমন্ত্রী দুই দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখান থেকে যাবেন চীন। ২৩ জুন তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন উপলক্ষে অবস্থান করবেন চীনের ডালিয়ান শহরে। ২৪ জুন শুরু হবে তাঁর আনুষ্ঠানিক চীন সফর। ২৬ জুন প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর জোড়া সফর উপলক্ষে আজ শনিবার ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আলোচনায় তিস্তা মহাপ্রকল্প, সামরিক সহযোগিতা এবং চীনের চারটি বৈশ্বিক উদ্যোগের যোগ দেওয়ার প্রসঙ্গ থাকবে বলে জানান পররাষ্ট্রসচিব। চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আশা করছি, ১৫ থেকে ১৭টা দলিল চীনের সঙ্গে স্বাক্ষর হবে। ১৩টা এমওইউ, দুটি চুক্তি, একটা অ্যাকশন প্ল্যান এবং আরেকটা প্রটোকল।’