মক্কায় কোরআনের ৪০০ বছরের পুরোনো পাণ্ডুলিপি প্রদর্শন
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১৮:৫৬
সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ ৪০০ বছরেরও বেশি পুরোনো পবিত্র কুরআনের একটি বিরল পাণ্ডুলিপি প্রদর্শন করা হয়েছে। এ প্রদর্শনীর মাধ্যমে ইসলামি সভ্যতার শৈল্পিক দক্ষতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক চমৎকার ধারণা নেওয়ার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা পাণ্ডুলিপিটি হিজরি ১১শ শতাব্দীর। এটিতে অত্যন্ত সূক্ষ্ম সোনালি অলঙ্করণ, উজ্জ্বল রঙের কাজ এবং নিপুণ ক্যালিগ্রাফি রয়েছে। সমসাময়িক ইসলামের উৎকর্ম এবং শেলীর মান পাণ্ডুলিপিতে ফুটিয়ে তোলা হয়েছে।
পাণ্ডুলিপিটির প্রতিটি পাতা সূক্ষ্ম পুষ্পশোভিত নকশা এবং কারুকার্যময় অলঙ্করণে সাজানো হয়েছে। এটির শুরুতে সূরা আল-ফাতিহা সংবলিত অংশটিতে জ্যামিতিক নিখুঁততা এবং বিস্তারিত সোনালি কারুকাজের এক চমৎকার সমন্বয় রয়েছে।