হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে গ্রুপ অডিও ও ভিডিও কল সুবিধা
হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে গ্রুপ অডিও ও ভিডিও কলের সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা ব্রাউজার থেকেই সরাসরি গ্রুপ কলে অংশ নিতে পারবেন। বর্তমানে সীমিতসংখ্যক বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ওয়েব সংস্করণে গ্রুপ অডিও ও ভিডিও—উভয় ধরনের কলে সর্বোচ্চ ৩২ জন অংশ নিতে পারবেন। বর্তমানে মোবাইল ও ডেস্কটপ সংস্করণেও একই সীমা রয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউ আ বেটা ইনফোর তথ্য অনুযায়ী, সুবিধাটি চালু হলে গ্রুপ চ্যাটের ওপরে কল বাটন দেখা যাবে। বাটনটিতে ক্লিক করলেই ভয়েস বা ভিডিও কল শুরু হবে। চাইলে পুরো গ্রুপের পরিবর্তে নির্দিষ্ট সদস্যদের কলে যুক্ত করা যাবে। নিরাপত্তার জন্য গ্রুপ কলগুলো সিগন্যাল প্রোটোকল–ভিত্তিক এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তির সুরক্ষায় থাকবে। ফলে ফোনকলে অংশ নেওয়া ব্যক্তিরা ছাড়া অন্য কেউ কথোপকথনের তথ্য জানতে পারবেন না। এমনকি হোয়াটসঅ্যাপ বা এর মূল প্রতিষ্ঠান মেটার পক্ষেও এসব কলের তথ্য দেখা সম্ভব হবে না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- হোয়াটসঅ্যাপ
- হোয়াটসঅ্যাপ