ইসলামে মহররম মাসের গুরুত্ব ও করণীয়
মহররম মাস ইসলামের ইতিহাস, ইবাদত ও আত্মশুদ্ধির দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস মহররম, শেষ মাস জিলহজ। ধারাবাহিকভাবে হিজরি ক্যালেন্ডারের মাসগুলো হলো, ১. মহররম, ২. সফর, ৩. রবিউল আউয়াল, ৪. রবিউস সানি, ৫. জমাদিউল আউয়াল, ৬. জমাদিউস সানি, ৭. রজব, ৮. শাবান, ৯. রমজান, ১০. শাওয়াল, ১১. জিলকদ, ১২. জিলহজ।
এ মাস আল্লাহতায়ালার নিকট অনেক সম্মানিত ও মর্যাদার একটি মাস। এ মাসে বহু ঐতিহাসিক ফজিলতপূর্ণ ঘটনা ইতিহাসে প্রসিদ্ধ হয়ে আছে। ৬১ হিজরির ১০ মহররম কারবালা প্রান্তরে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় দৌহিত্র, ন্যায়ের মূর্ত প্রতীক হজরত ইমাম হোসাইন (রা.) অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে চক্রান্তকারী ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। তার শহিদ হওয়াকে কেন্দ্র করে বর্তমানে আশুরার গুরুত্ব পেলেও ইসলামের ইতিহাসে এদিনে অসংখ্য তাৎপর্যময় ঘটনা রয়েছে। এ কারণে মুসলমানরা দিনটিকে বিশেষ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্যদিয়ে স্মরণ করে থাকেন।