টেকসই গ্যাস্ট্রোনমি দিবস: স্বাদে ঐতিহ্য, চর্চায় টেকসই খাদ্যব্যবস্থা
খাবার শুধু ক্ষুধা মেটানোর উপকরণ নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি দেশের ইতিহাস, কৃষি, আবহাওয়া ও মানুষের জীবনধারার প্রতিফলনও দেখা যায় তার খাদ্যাভ্যাসে।
তবে আধুনিক ভোগবাদী পৃথিবীতে খাবারের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি দ্রুত বদলে যাচ্ছে। একদিকে বাড়ছে অপচয়, অন্যদিকে পরিবেশ ও কৃষি ব্যবস্থার ওপর তৈরি হচ্ছে চাপ। এমন বাস্তবতায় টেকসই খাদ্যব্যবস্থার গুরুত্ব দিন দিন আরও বাড়ছে।
আজ টেকসই গ্যাস্ট্রোনমি দিবস। প্রতি বছর ১৮ জুন দিবসটি পালিত হয় বিশ্বজুড়ে। জাতিসংঘের উদ্যোগে চালু হওয়া এই দিবসের মূল উদ্দেশ্য হলো এমন খাদ্যব্যবস্থার গুরুত্ব তুলে ধরা, যা পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ।
গ্যাস্ট্রোনমি মানে শুধু সুস্বাদু খাবার নয়
‘গ্যাস্ট্রোনমি’ শব্দটি অনেকের কাছে শুধু বিলাসবহুল খাবার বা রেস্তোরাঁ সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত মনে হতে পারে। কিন্তু এর অর্থ আরও বিস্তৃত। এটি খাবারের ইতিহাস, রান্নার পদ্ধতি, কৃষি, সংস্কৃতি এবং মানুষের খাদ্যচর্চার সামগ্রিক ধারণাকে বোঝায়।