গণশুনানির কথা জানেন না সাধারণ মানুষ, নামের ‘প্রস্তাবকেরা’ যুবদল নেতা
বগুড়ার নবঘোষিত চারটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর প্রশাসন বলছে, গণশুনানির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মতামত নিয়ে নাম চূড়ান্ত করা হয়েছে। তবে প্রশাসনের নথিতে যেসব স্থানে গণশুনানি হওয়ার কথা বলা হয়েছে, সেখানে গিয়ে ভিন্ন চিত্র পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, এ ধরনের কোনো গণশুনানি হওয়ার কথা তাঁরা শোনেননি। নতুন ইউনিয়নগুলোর নামের প্রস্তাবক হিসেবে যাঁদের কথা বলা হচ্ছে, তাঁদের দুজন যুবদল নেতা।
১১ জুন বগুড়া জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার ৫টি এবং মোকামতলা উপজেলার ৮টি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এতে শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে ‘মীরবাড়ী ইউনিয়ন’। অন্যদিকে নবঘোষিত মোকামতলা উপজেলায় গঠিত নতুন তিনটি ইউনিয়নে নামকরণ করা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ ও ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’।
অভিযোগ উঠেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাসভবন ‘মীরবাড়ী’র নামে শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে ‘মীরবাড়ী’। অন্যদিকে তাঁর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামানুসারে মোকামতলা উপজেলার নবগঠিত দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে যথাক্রমে সীমান্ত ইউনিয়ন ও দিগন্ত ইউনিয়ন।
বিষয়টি জাতীয় সংসদেও সমালোচনা হয়েছে। গত সোমবার জাতীয় সংসদে এ নিয়ে প্রশ্ন তোলেন জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। পরে প্রতিমন্ত্রী শাহে আলম এ বিষয়ে ব্যক্তিগত কৈফিয়ত দেন। সংসদে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক যাচাই-বাছাই করে গণশুনানি করে নতুন নামকরণ করেছেন। সৈয়দপুর ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তে। সীমান্তবর্তী হওয়ায় এটার নাম করা হয়েছে ‘সীমান্ত’ ইউনিয়ন। আরেকটি গাইবান্ধার কাছে, এটি অনেক দূরবর্তী হওয়ায় এটার নাম রেখেছে ‘দিগন্ত’। দেশের বিভিন্ন জায়গায় ‘সীমান্ত ও দিগন্ত’ নাম রয়েছে উল্লেখ করে শাহে আলম বলেন, ‘মিরাকেলি আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই। আমাদের সন্তানের নাম হচ্ছে মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি ইনটেনশন থাকত, তাহলে জেলা প্রশাসককে বলতাম ‘নাম রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত’। কিন্তু নামের আগে তো মীর নেই।’ সরকারি দলের সংসদ সদস্যরা এ সময় টেবিল চাপড়ে সমর্থন জানান প্রতিমন্ত্রীকে।
- ট্যাগ:
- রাজনীতি
- গণশুনানি
- নামকরণ
- নতুন নাম
- মীর শাহে আলম