‘সরকারকে সময় দেয়া যাবে না’ বলা দলের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী
‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলে যারা হুমকি দিচ্ছে, তারা নিজেদের স্বার্থে কথা বলছে- তুলে ধরে জনগণকে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, “জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে, বিএনপি আগামী পাঁচ বছর পর্যন্ত দেশ পরিচালনা করবে, জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি তার দেওয়া, জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে কাজ করবে।
“তাহলে আমরা প্রশ্ন, জনগণের রায়ের বিরুদ্ধে যারা কথা বলে…জনগণ বিএনপিকে টাইম দিয়েছে পাঁচ বছর। যারা বলে বিএনপিকে সময় দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে তাহলে কী করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।”
তিনি বলেন, “মনে আছে তো, এখানে অনেক মুরুব্বী আছেন। মনে আছে তো একাত্তরে কী করেছিল? মনে আছে তো ৮৬ তে কী করেছিল? মনে আছে তো, এর মধ্যে এক যুগ যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলনের তাদেরকে কোথাও আমরা কিন্তু দেখি নাই।”
চার দিন আগে শনিবার চট্টগ্রামে এক সমাবেশে বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান রাষ্ট্র সংস্কারে গণভোটের রায় কার্যকর করার দাবি তোলেন।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ওই সমাবেশে শফিকুর রহমান বলেছিলেন, “দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে আপনারা অপমান অগ্রাহ্য করছেন। জনগণ বসে বসে আঙ্গুল চুষবে না। রায় দিয়েছে জনগণ, মানতে হবে সরকারকে। যে সরকার জনরায় মানে না, সে সরকার জনগণের সরকার হতে পারে না।”