২০টি জেলায় বইছে তাপপ্রবাহ, তবুও ঝড়-বৃষ্টির আভাস

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৯:৫২

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বড় একটি অংশ ঝরছে বৃষ্টি, আবার ২০টি জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। তবে আজ বুধবার দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আবহাওয়া অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বাভাসে জানায়, যশোরে এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীকোর্টে ৫৪ মিলিমিটার। তবে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।


বৃষ্টি-বজ্রবৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও আজ দুপুরের মধ্যে আঘাত হানতে পারে ঝড়। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


এদিকে আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও