সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ
জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় জামায়াতে ইসলামীর একজন এমপির বক্তব্যের কিছু শব্দকে ‘অরুচিকর ও অশ্লীল’ বিবেচনা করে সেগুলো কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি সমালোচনার প্রসঙ্গ টানতে গিয়ে ‘চালুনি’ ও ‘সুঁচের’ কথোপকথনের একটি উপমা দেন।
তবে উপমাটিতে ব্যবহৃত কিছু শব্দ নিয়ে আপত্তি তুলে স্পিকার তাকে সতর্ক করেন। স্পিকার বলেন, “সংসদে বক্তব্য রাখার সময় সাবধানতা অবলম্বন করবেন। অরুচিকর, অশ্লীল কোনো কথা এই সংসদে উচ্চারিত হোক, এটা আমরা চাই না। আপনার বক্তব্যে কিছু অশ্লীল শব্দ রয়েছে। সেগুলো এক্সপাঞ্জ করা হল।”
সংসদীয় কার্যপ্রণালিতে ‘এক্সপাঞ্জ’ বলতে কার্যবিবরণী থেকে কোনো বক্তব্য বা শব্দ বাদ দেওয়াকে বোঝায়। সেগুলো সংসদের আনুষ্ঠানিক নথির অংশ হিসেবে গণ্য হয় না।
এর আগে বক্তব্যে আব্দুস সাত্তার প্রস্তাবিত বাজেটের কয়েকটি দিক নিয়ে আপত্তি তোলেন। তার দাবি, উচ্চ মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের বাজারে চাপ বাড়বে এবং রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রার কারণে সাধারণ মানুষের ওপর পরোক্ষ করের বোঝা বাড়ার আশঙ্কা রয়েছে।
তার ভাষায়, “নিত্যপণ্যের বাজার এমনিতেই অস্থির। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়বে।”