You have reached your daily news limit

Please log in to continue


প্রথমবার অভিনয়ে জামাল ভূঁইয়া, আসছে ‘ব্রাজেন্টিনা’

মাঠের সবুজ গালিচা ছেড়ে এবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় হাজির হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘ব্রাজেন্টিনা’ নামের একটি বিশেষ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এই ফুটবল তারকা। গত সোমবার ঢাকার কলাবাগানের একটি মাঠে এই সিরিজের দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সিরিজটি নির্মাণ করছেন নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান। 

এর আগেও ফুটবল ও ক্রিকেট তারকাদের নিয়ে একাধিক ক্রীড়াভিত্তিক নাটক বানিয়ে প্রশংসিত হয়েছেন এই নির্মাতা। তবে এবারই প্রথম তিনি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ককে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য বড় পরিসরে কাজ করছেন। 

এই সিরিজে জামাল ভূঁইয়ার সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে শুটিং সেট থেকে জামাল ভূঁইয়ার কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যা দর্শকদের মাঝে বেশ আগ্রহের জন্ম দিয়েছে। ফুটবল বিশ্বকাপের এই মৌসুমে নির্মাতার এমন সিদ্ধান্তকে অত্যন্ত সময়োপযোগী বলে আখ্যা দিচ্ছেন নেটিজেনরা।

শুটিং সেটে জামাল ভূঁইয়ার সঙ্গে ছোট পর্দার পরিচিত মুখ লামিমা লামকেও দেখা গেছে। প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সংবাদমাধ্যমে জামাল ভূঁইয়া জানান, এর আগে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেও নাটকে বা সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম। পুরো বিষয়টি বেশ ম্যাজিক্যাল লাগছে। ক্যামেরার সামনের অভিনয়ের ব্যাপারটা সহজ নয় বলেও মন্তব্য করেন এই ফুটবল তারকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন