প্রশাসন ক্যাডার থেকে প্রেষণে নিরীক্ষায় আসা মনোয়ার একাই তিন পদে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রেষণের পদগুলোতে তীব্র জনবল সংকট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে একজন কর্মকর্তাকে দু-তিনটি বিভাগ বা দপ্তরপ্রধানের অতিরিক্ত দায়িত্ব দিচ্ছে ডিএসসিসি। এতে নাগরিক সেবা কার্যক্রম সামাল দিতে অনেকটাই হিমশিম খাচ্ছে নগর কর্তৃপক্ষ।
ডিএসসিসিতে জনবল চাহিদা মেটাতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়। সম্প্রতি ডিএসসিসি ও ডিএনসিসির নিরীক্ষা কর্মকর্তা পদে প্রশাসন ক্যাডারের লোক পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়। অথচ নিরীক্ষা কর্মকর্তা পদটি বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের।
ডিএসসিসির নিরীক্ষা কর্মকর্তার নাম মো. মনোয়ার হোসেন (সিনিয়র সহকারী সচিব)। এখন তিনি ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের ব্যক্তিগত সহকারী (পিএস) ও আইন কর্মকর্তা পদেও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
অভিযোগ রয়েছে, প্রশাসন ক্যাডারের ওই কর্মকর্তা কৌশলে তিনটি পদ বাগিয়ে নিয়েছেন। এখন কোনো দায়িত্বই তিনি ঠিকমতো পালন করতে পারছেন না। উল্টো প্রশাসকের পিএস হিসেবে করপোরেশনের অন্য কর্মকর্তাদের ওপর প্রভাব বিস্তারসহ নানান অনিয়মে জড়িয়ে পড়ছেন।