You have reached your daily news limit

Please log in to continue


চ্যাটজিপিটি আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে, অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির বিরুদ্ধে নিজের মেয়েকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ এনে ওপেনএআই ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন কানাডার এক নারী। ক্রিস্টি ক্যারিয়ার নামের এই নারী দাবি করেছেন, তাঁর মেয়ে অ্যালিস ক্যারিয়ার মৃত্যুর আগে একাধিকবার চ্যাটজিপিটির সঙ্গে আত্মহত্যা করার বিষয়ে আলোচনা করেছিলেন। কিন্তু এসব আলোচনা মানব পর্যালোচনার জন্য চিহ্নিত করা হয়নি। এমনকি চ্যাট বন্ধ করতেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর একটি আদালতে মামলা করেন ক্রিস্টি ক্যারিয়ার। মামলার নথি অনুযায়ী, শুরুতে চ্যাটজিপিটি অ্যালিসকে সংকটকালীন সহায়তা হটলাইন বা জরুরি সেবার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছিল। তবে একপর্যায়ে অ্যালিস নিজের ব্যক্তিগত জীবন, মানসিক সংকট ও আত্মহত্যার চিন্তা নিয়ে নিয়মিত চ্যাটজিপিটির সঙ্গে কথা বলতে শুরু করেন। ক্রিস্টি ক্যারিয়ারের অভিযোগ, চ্যাটজিপিটি অনেক ক্ষেত্রে তাঁর মেয়ের হতাশা ও আত্মঘাতী চিন্তাকে নিরুৎসাহিত করার পরিবর্তে সেগুলোকে সমর্থনসূচক প্রতিক্রিয়ার মাধ্যমে গ্রহণ করেছিল। শুধু তা–ই নয়, চ্যাটবটটি অ্যালিসের সংকটকালীন সহায়তাসেবার সমালোচনা করেছিল। এমনকি তাঁর বক্তব্যের সঙ্গে একমত হয়েছিল এবং কথোপকথন চালিয়ে যেতে উৎসাহ দিয়েছিল।

আদালতে জমা দেওয়া নথিতে উল্লেখ করা হয়েছে, অ্যালিস চ্যাটজিপিটিকে জানিয়েছিলেন, সংকটকালীন হটলাইনগুলো তার জন্য কার্যকর নয়। চ্যাটজিপিটিও সেই অবস্থানের প্রতি সহমত প্রকাশ করেছিল। একপর্যায়ে চ্যাটবটটি তাকে বলেছিল, ‘হয়তো এটাই শেষ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন