বগুড়ায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠন
বগুড়ার শিবগঞ্জ এবং নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়ন গঠন করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এই গেজেট গতকাল রোববার প্রকাশিত হলে নতুন তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে ‘মীরবাড়ী ইউনিয়ন’। অন্যদিকে নবঘোষিত মোকামতলা উপজেলায় গঠিত নতুন তিনটি ইউনিয়নে নামকরণ করা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ এবং ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’।
অভিযোগ উঠেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম তাঁর পৈতৃক বাসভবন ‘মীরবাড়ী’র নামে শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নামকরণ করেছেন। অন্যদিকে তাঁর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামানুসারে মোকামতলা উপজেলার দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে।
বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন আজ সোমবার ফেসবুকে দেওয়া পোস্টে প্রতিমন্ত্রীকে ‘বগুড়ার নতুন জমিদার’ বলে মন্তব্য করেন। মনিরা শারমিন তাঁর পোস্টে লেখেন, ‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়ার নতুন জমিদার। ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে বংশীয় ও সন্তানদের নামে নামকরণ করছেন। নতুন ইউনিয়নের নাম মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত। আহ্! ক্ষমতা!’
তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই নতুন ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ তিনি প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় জনগণের গণশুনানি এবং মতামতের ভিত্তিতে স্থানীয় উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন যথাযথ আইন অনুসরণ করে শিবগঞ্জ উপজেলায় একটি এবং মোকামতলা উপজেলায় তিনটি নতুন ইউনিয়ন পরিষদের নামকরণ করেছেন। আমার দুই ছেলের নাম মীর সীমান্ত ও মীর দীগন্ত। কেউ কেউ আমার ছেলেদের নামের সঙ্গে নতুন দুটি ইউনিয়ন পরিষদের নামকরণের সামঞ্জস্য খোঁজার চেষ্টা করছেন। এটা মোটেও সঠিক নয়। বিষয়টি সম্পর্কে আগে থেকে আমি অবগতও নই।’
প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার বেতগাড়ি, ফেনীগ্রাম, সৈয়দপুর, চন্দনপুর, দোপাড়া, তিয়াইল, গোড়না, ধামাহার, বাদলদিঘী, রামকান্দি, চকগোপাল, ডাবুর, চককানু, হরিপুর ও গোপিনাথপুরসহ মোট ১৫টি মৌজা নিয়ে ‘মীরবাড়ী’ নামে নতুন ইউনিয়ন পরিষদ করা হয়েছে। নতুন এই ইউনিয়নে মোট জনসংখ্যা ১৮ হাজার ৯২৪ জন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নামকরণ
- মীর শাহে আলম