এই বিশ্বকাপের সবচেয়ে দামি ১০ ফুটবলার
এবারের ফিফা বিশ্বকাপ ফুটবলে অনেক কিছুই ঘটছে প্রথমবারের মতো। টুর্নামেন্টটির ৯৬ বছরের ইতিহাসে প্রথমবার অংশ নিচ্ছে ৪৮টি দল। প্রথমবারের মতো তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে বিশ্বকাপ। ১৬টি শহরে অনুষ্ঠিত হবে রেকর্ডসংখ্যক ম্যাচ।
তবে টিকিটের মূল্যও ছুঁয়েছে নতুন উচ্চতা। ফিফা সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই অনুষ্ঠেয় ফাইনালের টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছে ৩২ হাজার ৯৭০ ডলার, এই দাম এপ্রিলের দামের তুলনায় তিন গুণ এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনালের টিকিটের চেয়ে প্রায় ২০ গুণ বেশি।
২০২৬ বিশ্বকাপের আরেকটি বিশেষত্ব হলো, প্রথমবারের মতো বিলিয়ন ডলার সম্পদের মালিক তথা শতকোটিপতি এমন দুই ফুটবলার এবারের আসরে অংশ নিচ্ছেন। তাঁরা হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো নেতৃত্ব দিচ্ছেন পর্তুগালকে। অন্যদিকে ৩৮ বছর বয়সী লিওনেল মেসি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনে নেতৃত্ব দিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন এই বিশ্বকাপে অংশ নেওয়া সর্বোচ্চ বেতনভোগী তথা সবচেয়ে দামি ফুটবলারদের একটি তালিকা প্রকাশ করেছে। ফুটবলারদের গত ১২ মাসের আয় বিবেচনায় নিয়েই তালিকাটি তৈরি করা হয়েছে। দেখা যাক, কোন খেলোয়াড়েরা আছেন সেই তালিকায়:
হ্যারি কেইন (ইংল্যান্ড), আয়: ৪ কোটি ১০ লাখ ডলার
এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ আয়ের দিক থেকে হ্যারি কেইন আছেন দশম স্থানে। জার্মানির বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা—১১৩ আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন ৭৯টি। গত ১২ মাসে তিনি ৪ কোটি ১০ লাখ ডলার আয় করেন।
লামিনে ইয়ামাল (স্পেন), আয়: ৪ কোটি ৩০ লাখ ডলার
হ্যামস্ট্রিং চোটের কারণে বার্সেলোনার হয়ে লা লিগায় মৌসুমের শেষ অংশে খেলতে পারেননি ইয়ামাল। মে মাসের শেষ দিকে স্পেন দলের অনুশীলনে ফিরলেও তাঁর বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে কঠোর শর্ত দিয়েছে বার্সেলোনা। খবরটি জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস। ধারণা করা হচ্ছে, কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে তিনি খেলবেন মাত্র ১৫ মিনিট। পরের সপ্তাহে সৌদি আরবের বিপক্ষে খেলতে পারেন সর্বোচ্চ ৬০ মিনিট। তবে টেলিভিশন ও বিজ্ঞাপনে তাঁর উপস্থিতি কমবে না।
জুড বেলিংহাম (ইংল্যান্ড), আয়: ৪ কোটি ৪০ লাখ ডলার
এমবাপ্পে ও ভিনিসিয়ুসের সঙ্গে রিয়াল মাদ্রিদের তিন সেরা খেলোয়াড়ের একজন বেলিংহাম, যাঁরা বিশ্বকাপের সর্বোচ্চ আয় করা খেলোয়াড়দের তালিকায় আছেন। তাঁর বয়স ২৩ বছর পূর্ণ হতে এখনো কয়েক সপ্তাহ বাকি। গত ১২ মাসে তিনি আয় করেন ৪ কোটি ৪০ লাখ ডলার।
সাদিও মানে (সেনেগাল), আয়: ৫ কোটি ৪০ লাখ ডলার
চলতি বছরে এরই মধ্যে দুটি বড় ট্রফি জিতেছেন মানে। জানুয়ারিতে সেনেগালকে আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জেতানোর পর রোনালদোর সঙ্গে সৌদি আরবের আল নাসরের হয়ে সৌদি প্রো লিগও জিতেছেন তিনি। তবে ফাইনালে মরক্কোকে দেওয়া পেনাল্টির প্রতিবাদে মাঠ ছেড়ে যাওয়ার ঘটনায় দুই মাস পর আফ্রিকা কাপ অব নেশনসের সেই শিরোপা বাতিল করা হয়।
মোহাম্মদ সালাহ (মিসর), আয়: ৫ কোটি ৫০ লাখ ডলার
লিভারপুলের হয়ে ৯ মৌসুমে ২৫৭ গোল এবং দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পর এখন নতুন গন্তব্যের দিকে এগোচ্ছেন সালাহ। আজ ১৫ জুন ৩৪ বছরে পা দিতে যাওয়া এই উইঙ্গার গত মার্চে লিভারপুলের সঙ্গে মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই চুক্তি বাতিলে সম্মত হন। ফলে তিনি ট্রান্সফার ফি ছাড়াই নতুন দলে যোগ দিতে পারবেন।
- ট্যাগ:
- খেলা
- ফিফা বিশ্বকাপ
- দামী ফুটবলার