ডেঙ্গুর বিরুদ্ধে এক বিশ্ব : বাংলাদেশের জন্য সতর্কবার্তা ও করণীয়
১৫ জুন বিশ্ব ডেঙ্গু দিবস। ২০২৬ সালের প্রতিপাদ্য ‘One World Against Dengue’ (ডেঙ্গুর বিরুদ্ধে এক বিশ্ব)—আমাদের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
ডেঙ্গু আজ আর কোনো নির্দিষ্ট দেশ, অঞ্চল বা ঋতুর মধ্যে সীমাবদ্ধ একটি রোগ নয়, এটি বিশ্বের দ্রুততম বিস্তারমান মশাবাহিত সংক্রামক রোগগুলোর অন্যতম। জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ, বৈশ্বিক যোগাযোগ ও মানুষের ক্রমবর্ধমান চলাচলের ফলে ডেঙ্গু এখন একটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠী ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিতে রয়েছে এবং প্রতিবছর আনুমানিক ১০০ থেকে ৪০০ মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত হয়। উষ্ণমণ্ডলীয় ও উপ-উষ্ণমণ্ডলীয় অঞ্চলের নগর ও উপনগর এলাকাগুলো বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।
ডেঙ্গু ভাইরাস সংক্রমিত এডিস মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে এবং যদিও বেশির ভাগ ক্ষেত্রে সংক্রমণ উপসর্গহীন অথবা মৃদু জ্বর হিসেবে দেখা দেয়, কিছু ক্ষেত্রে এটি মারাত্মক ডেঙ্গুতে রূপ নিয়ে প্রাণহানির কারণ হতে পারে।
বিশ্ব ডেঙ্গু দিবস সামনে রেখে সিঙ্গাপুরে শুরু হয়েছে এশিয়া ডেঙ্গু সামিট ২০২৬, যেখানে বিশ্বের প্রায় ৬০টি দেশের গবেষক, বিজ্ঞানী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং ডেঙ্গু প্রতিরোধ, রোগ নির্ণয় ও চিকিৎসাসংশ্লিষ্ট প্রযুক্তি উন্নয়নকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা একত্র হয়েছেন। ‘ডেঙ্গুর বিরুদ্ধে এক বিশ্ব’ প্রতিপাদ্যকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন। ডেঙ্গুর মতো একটি আন্তঃসীমান্ত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় কোনো দেশ এককভাবে সফল হতে পারে না; প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা, তথ্য বিনিময়, গবেষণার সমন্বয় এবং অভিজ্ঞতা ভাগাভাগি। তাই এশিয়া ডেঙ্গু সামিট শুধু একটি বৈজ্ঞানিক সম্মেলন নয়, বরং বৈশ্বিক সংহতির এক প্রতীকবাংলাদেশ থেকেও এই সম্মেলনে উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও আইইডিসিআরের গবেষকরা সেখানে অংশগ্রহণ করছেন। তাঁদের উপস্থিতি বাংলাদেশের অভিজ্ঞতা, গবেষণার ফলাফল এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রমকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সফল উদ্যোগ ও উদ্ভাবনী কৌশল থেকে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করেছে। ডেঙ্গু আজ যেহেতু একটি বৈশ্বিক সমস্যা, তাই এর সমাধানও হতে হবে বৈশ্বিক সহযোগিতা ও স্থানীয় উদ্যোগের সমন্বয়ে।
বাংলাদেশের প্রেক্ষাপটে ডেঙ্গুর বাস্তবতা বিশেষভাবে উদ্বেগজনক। বিশ্ব ডেঙ্গু দিবস আমাদের মনে করিয়ে দেয় যে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুমি সংক্রামক রোগ নয়, এটি একটি দীর্ঘস্থায়ী ও ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। গত এক দশকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, রোগটির প্রকোপ ও বিস্তার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ২০১৯, ২০২৩ ও ২০২৪ সাল বাংলাদেশের ডেঙ্গু ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। ২০১৯ সালে দেশে এক লাখ এক হাজার ৩৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল, যা সে সময় পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে যায়। ২০২৩ সালে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিন লাখ ২১ হাজার ১৭৯ এবং একই বছরে এক হাজার ৭০৫ জন মানুষের মৃত্যু ঘটে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ডেঙ্গুজনিত মৃত্যুর ঘটনা। ২০২৪ সালেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটেনি; ওই বছরে এক লক্ষাধিক মানুষ আক্রান্ত হয় এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। এই ধারাবাহিক উচ্চ সংক্রমণ ও মৃত্যুহার প্রমাণ করে যে বাংলাদেশে ডেঙ্গু এখন কার্যত একটি এন্ডেমিক রোগে পরিণত হয়েছে।
এই পরিস্থিতির পেছনে একাধিক কারণ সক্রিয় রয়েছে। দ্রুত ও অপরিকল্পিত নগরায়ণ, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা, নির্মাণাধীন ভবনের অনিয়ন্ত্রিত পরিবেশ, প্লাস্টিক বর্জ্যের স্তূপ এবং গৃহস্থালি পর্যায়ে পানি জমে থাকার প্রবণতা এডিস মশার প্রজননের জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি করছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘায়িত বর্ষাকাল, অনিয়মিত বৃষ্টিপাত এবং আর্দ্রতার পরিবর্তন মশার জীবনচক্রকে আরো অনুকূল করে তুলছে। ফলে যে মৌসুমে আগে ডেঙ্গুর প্রকোপ সীমিত থাকত, এখন সেই সময়সীমা ক্রমেই দীর্ঘ হচ্ছে। একই সঙ্গে জনসচেতনতার ঘাটতি এবং প্রতিক্রিয়াশীল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে সমস্যাটি আরো জটিল হয়ে উঠছে।