বাইরে ট্রাম্প মোবাইলের খোলস, ভেতরে এইচটিসি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১৩:৪৩
‘মেইড ইন আমেরিকা’ বা আমেরিকায় তৈরি বলে প্রচার করা বহুল আলোচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মোবাইল কোম্পানির তৈরি ফোনটি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
সাম্প্রতিক প্রযুক্তিগত পর্যালোচনায় দেখা গেছে, প্রায় ৫০০ ডলার মূল্যের ‘ট্রাম্প মোবাইল টি১’ নামের ফোনটি আসলে নতুন কিছু নয়, বরং হুবহু ‘এইচটিসি ইউ২৪ প্রো’ মডেলের ফোনেরই ভিন্ন চেহারা।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, বাহ্যিক কিছু জমকালো পরিবর্তন ছাড়া দুটি ফোনের মূল চিপসেট ও ভেতরের সব প্রযুক্তি একই। ফোনটির সিংহভাগ যন্ত্রাংশই চীন থেকে আনা ও সেখানেই এর নকশা করা হয়েছে বলে প্রমাণ মিলেছে।