চানখাঁরপুলে বাসে উঠতে গিয়ে দুই বাসের মধ্যে চাপা পড়ে মৃত্যু
রাজধানীর চানখাঁরপুল এলাকায় বাসে উঠতে গিয়ে দুই বাসের মধ্যে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার বিকেল সোয়া চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত জয় দেব পান্ডে (৩৮) রয়েল ল্যাবরেটরিজের (হারবাল মেডিসিন) একজন ডিস্ট্রিবিউটর ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেক মিয়া প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত মৌমিতা পরিবহনের দুটি বাস পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজে মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মুছা. গাজী জানান, বিকেলে চানখাঁরপুল এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন জয়দেব। এ সময় বাসটি চলতে শুরু করলে পাশ দিয়ে যাওয়া একই পরিবহনের আরেকটি বাস পাল্লা দিতে গিয়ে দ্রুতগতিতে এগিয়ে যায়। একপর্যায়ে দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাসচাপায় নিহত