আসছে বছরেই চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন বিষয় ‘শিল্প ও সংস্কৃতি’
সরকার ২০২৮ সাল থেকে যে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা হাতে নিয়েছে, তাতে চতুর্থ শ্রেণিতে দুটি বিষয় যুক্ত করার কথা বলা হলেও এখন সে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।
প্রাথমিক পর্যায়ের বিদ্যমান শিক্ষাক্রমেই ২০২৭ সালে চতুর্থ শ্রেণিতে ‘শিল্প ও সংস্কৃতি’ বিষয়ের পাঠ্যবই যুক্ত হচ্ছে।
আর ২০২৮ সালে নতুন শিক্ষাক্রমে এই শ্রেণিতে ‘শিল্প ও সংস্কৃতি’ এবং ক্রীড়া বিষয়ের পাঠ্যবই অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।
বুধবার সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিকের পাঠ্যক্রমে সংগীত ও নৃত্যকলা অন্তর্ভুক্তি নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত এসেছে।
সভা শেষে দুপুরে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০২৮ সালে নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণিতে শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে৷ এর আগে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে বিদ্যমান শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণিতে শিল্প ও সংস্কৃতি বিষয়ের একটি পাঠ্যবই যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।
“এই বইতে চারটি অধ্যায়ে চারু ও কারুকলা, সংগীত, নৃত্যকলা এবং নাট্যকলার পাঠ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।”