বিশ্বরাজনীতি ও বাংলাদেশ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বৈশ্বিক পরিসরে এত যুদ্ধময় পরিস্থিতি কখনো বিরাজ করেনি। গত প্রায় সাড়ে চার বছর সময় ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার যুদ্ধকে এক অর্থে রাশিয়ার সঙ্গে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধে পরিণত করেছে। এর বাইরে আড়াই বছরের বেশি সময় ধরে হামাস-ইসরায়েল যুদ্ধ একপর্যায়ে হামাসের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধে রূপ লাভ করার পর কথিত যুদ্ধবিরতি বিরাজ করছে। থেমে থেমে গাজায় ইসরায়েলের আগ্রাসন এবং হত্যাযজ্ঞও চলমান রয়েছে। মূলত এই যুদ্ধের পথ ধরেই বর্তমানে মধ্যপ্রাচ্যের কঠিনতম সময়টি কাটছে।
ভবিষ্যতে ইরানের দিক থেকে নিরাপত্তা হুমকি মোকাবিলায় ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে, মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোকে ধ্বংস করতে এবং ইরানকে যেকোনো মূল্যে পরমাণু শক্তিধর দেশ হওয়া থেকে ঠেকাতে গত ১ বছর ধরে দফায় দফায় হামলা বর্তমানে খোদ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে তাদের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে। একটি শান্তিচুক্তির মধ্য দিয়ে এই যুদ্ধের অবসান টানতে আপাতত যুদ্ধবিরতি চললেও থেকে থেকে ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ই তাদের শক্তি প্রদর্শন করে যাচ্ছে। যুদ্ধরত পক্ষগুলোর জন্য যুদ্ধের বৈধতা, মানবিক সংকট, আর্থিক বিপর্যয়, শরণার্থী সংকট এবং বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তায় যে অনিশ্চয়তা তৈরি হয়েছে এর সপক্ষ্যে যুক্তি প্রদর্শনের কোনো পথই অবশিষ্ট রাখেনি।
- ট্যাগ:
- মতামত
- বিশ্বরাজনীতি