ইঞ্জিনসংকট ভোগাল ট্রেনে ফিরতি যাত্রা
লোকোমোটিভের (ইঞ্জিন) সংকট আর ত্রুটির কারণে ঈদের ফিরতি যাত্রায় ভুগেছেন ট্রেনের যাত্রীরা। এসব কারণে ১ থেকে ৬ জুন পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগেই অন্তত ৩০টি ট্রেন দেরিতে ছেড়েছে। কিছু ট্রেনের দেরি হয়েছে এক থেকে চার ঘণ্টা। সংকেত ত্রুটিতে বিলম্ব হয় ১৩ ট্রেনের।
ইঞ্জিনসংকটে ফিরতি যাত্রা সামাল দিতে রেলওয়েকে এ সময়ে প্রতিদিন প্রায় ১৪টি লোকাল ও মেইল ট্রেনের চলাচল বন্ধ রাখতে হয়। এতে এসব ট্রেনের যাত্রীরা বঞ্চিত হয়েছেন সেবা থেকে।
রেলওয়ের ঢাকা বিভাগের অভ্যন্তরীণ প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে; যা রেলওয়ের ইঞ্জিনসংকটকে আবারও সামনে আনল।
ওই প্রতিবেদন অনুযায়ী, ঈদের ফিরতি যাত্রার সময় ১ থেকে ৬ জুন পর্যন্ত শুধু ইঞ্জিন দেরিতে পাওয়ার কারণে ৩০টি ট্রেন নির্ধারিত সময়ের পরে যাত্রা শুরু করে। এর মধ্যে ১ জুন সবচেয়ে বেশি ৯টি ট্রেন বিলম্বে চলাচল করে। সেদিন উপকূল এক্সপ্রেস নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৫৫ মিনিট পরে, বুড়িমারী এক্সপ্রেস ১ ঘণ্টা ২০ মিনিট, তিতাস কমিউটার ট্রেন ১ ঘণ্টা ৫ মিনিট, অগ্নিবীণা এক্সপ্রেস ৫০ মিনিট, এগারসিন্ধুর ও গোধূলী ৪০ মিনিট, উপবন ও যমুনা এক্সপ্রেস ২৫ মিনিট করে, মোহনগঞ্জ এক্সপ্রেস ২০ মিনিট এবং তূর্ণা নিশীথা এক্সপ্রেস ১৫ মিনিট দেরিতে ছেড়ে যায়।