দিনাজপুরের বিরামপুর উপজেলার উপসহকারী প্রকৌশলী হামিদুল ইসলামের বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ঘুষ চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর সঙ্গে ঠিকাদারপক্ষের এক ব্যক্তির কথিত ঘুষ লেনদেনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, ঠিকাদারপক্ষের এক ব্যক্তি উপসহকারী প্রকৌশলী হামিদুল ইসলামকে বলছেন, ‘কয় টাকা, কয় টাকা লিবেন (নেবেন)।’ জবাবে হামিদুল ইসলাম বলেন, ‘১০ হাজার টাকা দাও আজকে।’ তখন ওই ব্যক্তি বলেন, ‘বছরে ১০ হাজার লয় (নয়), এক হাজার দেই আপনাক।’ এ সময় হামিদুল ইসলাম চলে যেতে উদ্যত হলে ওই ব্যক্তি আবার বলেন, ‘এক হাজার টাকা দেই আপনাক।’ তখন হামিদুল ইসলাম বলেন, ‘দরকার নেই কোনো টাকার।’