মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর রমনার মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত বিল্লাল হোসেন তালুকদার (৪৫) স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বলে পুলিশ জানিয়েছে।
সোমবার রাত পৌনে আটটার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনের গলিতে বিল্লালকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর রাতেই যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যুবদলের রমনা থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
নিহত বিল্লালের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদল নেতা দিদারুল ইসলাম ও তাঁর অনুসারীরা রাত পৌনে আটটার দিকে আনারকলি মার্কেটের সামনে বিল্লাল হোসেনের ভাগনে মোবারক হোসেনকে (আকাশ) মারধর করছিলেন। খবর পেয়ে বিল্লাল হোসেন সেখানে যান এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। সালিস–বৈঠকের একপর্যায়ে দিদারুল ইসলামের সঙ্গে বিল্লালের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে বিল্লালের বুকে ছুরিকাঘাত করা হয়। নিহত বিল্লাল হোসেনের বাসা মালিবাগের বাগানবাড়ি এলাকায়। তাঁর বাবার নাম মৃত ইউসুফ তালুকদার।