ওসমান হাদি হত্যা মামলা: তদন্তে মমতার বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে সিআইডি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি বলেছে, তদন্তের স্বার্থে মমতার বক্তব্যসহ সব তথ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
অবশ্য সরকার ওই বক্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে দেখেছে। আর বিরোধী দল একে অভিহিত করেছে ‘ভারতের রাজনৈতিক খেলা’ হিসেবে। এদিকে এই মামলার বাদী হিসেবে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরের নাম দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন হাদির বোন মাসুমা হাদি।
গত বছরের ডিসেম্বরে ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকে ইনকিলাব মঞ্চ ঘটনার সঙ্গে ভারতের সম্পৃক্ততার অভিযোগ করে আসছে। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর সেই অভিযোগ নতুন মাত্রা পেয়েছে। সংগঠনটি ওই মন্তব্যের পর এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত, দেশীয় খুনিদের চিহ্নিত করা, পলাতক আসামিদের ফিরিয়ে আনা ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে নতুন করে কর্মসূচি পালন করছে। এসব দাবিতে গতকাল শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ।