ফের জ্বলল মণিপুর, ৭ বাড়িতে অগ্নিসংযোগে নিহত ৩

www.ajkerpatrika.com মণিপুর প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ১৬:০৮

ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি জেলার একটি কুকি-জো গ্রামে সশস্ত্র হামলায় এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে সংঘটিত এই হামলার ঘটনায় সাতটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কুকি-জো সংগঠনগুলো। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।


স্থানীয় পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার সকালে কাংপোকপির লোইবোল খুল্লেন গ্রামে ‘অজ্ঞাত বন্দুকধারীরা’ হামলা চালায়। পরে ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। জেলার কুকি-জো সংগঠনগুলো নিহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেছে। নিহত ব্যক্তিরা হলেন লেটখোঙ্গাম হাওকিপ (৩৪), তাঁর স্ত্রী টিনমেরি হাওকিপ (৩০) এবং জাংমিনলান হাওকিপ (৩৪)। সংগঠনগুলোর দাবি, হামলার সময় গ্রামটির সাতটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।


হামলার জন্য নাগা সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে কুকি-জো সংগঠনগুলো। তবে পুলিশ জানিয়েছে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।


সম্প্রদায়টির শীর্ষ সংগঠন কুকি ইনপি মণিপুর এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি বলেছে, নিরস্ত্র বেসামরিক মানুষের বিরুদ্ধে এ ধরনের সহিংসতা একটি বর্বর ঘটনা। নিরীহ মানুষকে পরিকল্পিতভাবে হত্যা এবং তাদের ঘরবাড়ি ও জীবিকার উৎস ধ্বংস করা মানবিক মর্যাদা ও মৌলিক মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।


বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। কুকি ইনপি মণিপুর সতর্ক করে বলেছে, এই ‘জঘন্য অপরাধের’ ফলে যেকোনো ধরনের পরিণতি সৃষ্টি হলে তার দায় সংগঠনটি নেবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও