রাজস্ব মামলার দ্রুত নিষ্পত্তি চায় এনবিআর
ব্যবসা-বাণিজ্যে মন্দা। রাজস্ব আদায়ে শ্লথগতি। তাই লক্ষ্য পূরণে রাজস্ব খাতে ঝুলে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে লেখা এক চিঠিতে এ বিষয়টি তুলে ধরেছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত সুপ্রিম কোর্টে হাইকোর্ট ও আপিল বিভাগে আয়কর অনুবিভাগের মামলায় জড়িত করের পরিমাণ প্রায় ৩৫ হাজার ১৬৭ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে শুধু হাইকোর্ট বিভাগে বিচারাধীন ১৬টি মামলায় আটকে আছে ১৩ হাজার ৭২৫ কোটি টাকা।
চিঠিতে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এই মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা গেলে চলতি অর্থবছরের প্রত্যক্ষ রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।’
জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) শুল্ক-কর আদায়ে ঘাটতি এক লাখ চার হাজার ৫৩৩ কোটি টাকা। যা যেকোনো সময়ের বিবেচনায় রেকর্ড রাজস্ব ঘাটতি। এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে এনবিআরের শুল্ক-কর আদায়ের লক্ষ্য ছিল চার লাখ ৩১ হাজার ৪৬১ কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে তিন লাখ ২৬ হাজার ৯২৮ কোটি টাকা।
এই সময়ের মধ্যে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও আয়কর—এই তিন খাতের মধ্যে কোনো খাতেই লক্ষ্য অর্জিত হয়নি। তবে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। এ খাতে ঘাটতি ৪৪ হাজার কোটি টাকা। এরপর ভ্যাটে ঘাটতি ৩৫ হাজার ৩০৮ কোটি টাকা।