হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা

বিডি নিউজ ২৪ ভারত প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ১৮:১৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সন্দেহভাজন খুনিদের গ্রেপ্তার নিয়ে পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হয়েছে।


বৃহস্পতিবার শিলিগুড়ি সাইবার থানায় রিংকি চ্যাটার্জী সিং নামে এক আইনজীবী তার বিরুদ্ধে মামলা করেন বলে ভারতের সংবাদ সংস্থা এএনআই লিখেছে।


মামলায় এ আইনজীবী অভিযোগ করেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজনৈতিক মঞ্চ থেকে দাবি করেন, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তার গোপন আলোচনা হয়েছে। তিনি প্রতিবেশী বাংলাদেশে একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে আরো কিছু অভিযোগ তোলেন।


“আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করা এবং দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে শত্রুতা তৈরির স্পষ্ট উদ্দেশ্যে এই ধরনের অভিযোগ জনসাধারণের সামনে ও গণমাধ্যমে প্রকাশ্যে করা হয়েছে।”


মমতার বক্তব্যকে সাংবিধানিক প্রতিষ্ঠান ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি উসকানিমূলক ও মানহানিকর বলে মামলায় অভিযোগ করেন রিংকি চ্যাটার্জী।


এ আইনজীবীর অভিযোগ, “সম্প্রতি বিভিন্ন জনসভা, রাজনৈতিক মঞ্চ ও গণমাধ্যমে তিনি ভারতের নির্বাচন কমিশন ও নির্বাচনে আইনশৃঙ্খলা বজায়ের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীসহ ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বেশ কিছু উসকানিমূলক আর উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়েছেন।


“তিনি প্রকাশ্যে এই ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সততা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর মাধ্যমে তিনি রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে জনগণের মাঝে অবিশ্বাস ও অসন্তোষ তৈরির চেষ্টা করেছেন।”


মঙ্গলবার কলকাতার ধর্মতলার ‘ওয়াই চ্যানেল’ এলাকায় এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তৃতায় রাজ্য ও কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপির কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।


বক্তৃতায় মমতা দাবি করেন, বিজেপির কাছে ক্ষমতা হারানোর প্রায় এক মাস পর বাংলাদেশে আগের বছরের বড় একটি হত্যাকাণ্ডের আসামিদের পশ্চিমবঙ্গে গ্রেপ্তারের পর এ বিষয়ে তাকে ‘চুপ থাকতে বলেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’।


পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে তার এ বক্তব্য প্রচার করা হয়। ওই বক্তব্যের এক দিন পরই তার বিরুদ্ধে মামলা হল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও