বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে মেটার ‘এআই বিজনেস’, ব্যবহারে লাগবে ফি
বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) গ্রাহকসেবা সহকারী চালু করেছে মেটা। ‘মেটা বিজনেস এজেন্ট’ নামে পরিচিত এই এআই টুল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার গ্রাহকসেবা, বিক্রয় ব্যবস্থাপনা ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে। একই সঙ্গে ভবিষ্যতে এ সেবার জন্য অর্থ নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, গতকাল বুধবার মেটা ঘোষণা দিয়েছে—তাদের গ্রাহকসেবা-ভিত্তিক এআই বট এখন বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপে উন্মুক্ত করা হচ্ছে। এর আগে, ভারত ও মেক্সিকোর মতো দেশে প্রায় দুই বছর ধরে হোয়াটসঅ্যাপ বিজনেসে এআই এজেন্টের পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে।
মেটার তথ্য অনুযায়ী, মেটা বিজনেস এজেন্ট গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে, পণ্য সুপারিশ করবে, অ্যাপয়েন্টমেন্ট বুক করবে এবং সম্ভাব্য ক্রেতা বা বিক্রয়-সংশ্লিষ্ট লিড যাচাই করবে। কোনো প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে মানুষের হস্তক্ষেপ প্রয়োজন হলে সেটি সংশ্লিষ্ট কর্মীর কাছে পাঠিয়ে দেওয়ার সুবিধাও থাকবে। হোয়াটসঅ্যাপের পাশাপাশি ইনস্টাগ্রামের ডাইরেক্ট মেসেজ (ডিএম) সেবাতেও এ বট ব্যবহার করা যাবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই এজেন্টকে আরও কার্যকর করতে নতুন কিছু সুবিধা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে গ্রাহকসংক্রান্ত চ্যাটের দৈনিক সারসংক্ষেপ ও বিশ্লেষণধর্মী তথ্য সরবরাহের ব্যবস্থা। বর্তমানে হোয়াটসঅ্যাপ বিজনেস, ইনস্টাগ্রাম প্রো, মেসেঞ্জার এবং মেটা বিজনেস স্যুটের নির্বাচিত কিছু অ্যাকাউন্টে এ সুবিধার পরীক্ষা চলছে।