ইরানে হামলা চালানো থেকে ট্রাম্পকে বিরত রাখতে মার্কিন কংগ্রেসে বিল পাস
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। এর লক্ষ্য হলো, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখা।
স্থানীয় সময় গতকাল বুধবার ২১৫–২০৮ ভোটে এ বিল পাস হয়। প্রতিনিধি পরিষদে ট্রাম্পের নিজ দল রিপাবলিবান পার্টির চার সদস্যও বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে বিলের পক্ষে ভোট দিয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পর থেকে প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতায় লাগাম টানতে এটা মার্কিন কংগ্রেসের চতুর্থ প্রচেষ্টা।
অর্থাৎ কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প নিজ ক্ষমতাবলে যাতে মধ্যপ্রাচ্যে সহিংসতা উসকে দিতে না পারেন, কংগ্রেস সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
পাস হওয়া বিলটি এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অনুমোদিত হতে হবে। সিনেট রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ। তবে সিনেটে অনুমোদন পেলেও এ উদ্যোগ যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ পুরোপুরি বন্ধ করতে পারবে, সেটা মনে করছেন না বিশ্লেষকদের অনেকেই।