ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১, আহত ৮৩৭: রোড সেফটি ফাউন্ডেশন
এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখী ও কর্মস্থলমুখী মানুষের যাতায়াত তুলনামূলক স্বস্তিদায়ক হলেও সড়কে প্রাণহানির ঘটনা উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে। ঈদের আগে ও পরে ১৩ দিনে সারা দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। অর্থাৎ এ সময় প্রতিদিন গড়ে প্রায় ২২ জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়।
আজ বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত ঈদযাত্রা-সংক্রান্ত দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং সংগঠনের নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ৩৪ জন নারী এবং ৪৮ জন শিশু। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ৪৪ দশমিক ১২ শতাংশ। এ ছাড়া ৩৭ জন পথচারী এবং ৩৩ জন চালক ও পরিবহনশ্রমিক নিহত হয়েছেন।
এই সময়ে ১৩টি নৌপথ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ আহত হয়েছেন। এই সঙ্গে ২৪টি কোরবানির গরু মারা গেছে। ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।