রুদ্ধশ্বাস লড়াইয়ে সাইফ-সোহানদের ১ রানে হারাল রূপগঞ্জ টাইগার্স
শেষ ওভারে ২০ রানের লক্ষ্যে প্রথম তিন বলে দুটি ছক্কা মেরে ম্যাচ জমিয়ে দিলেন জিয়াউর রহমান। পরে শেষ বলে সমীকরণ দাঁড়াল আরেকটি ছক্কার। কিন্তু এবার আর পারলেন বসুন্ধরা স্ট্রাইকার্সের অলরাউন্ডার। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ১ রানের অবিশ্বাস্য জয়ের আনন্দে মাতল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
ক্রিকেটার্স একাডেমিতে বুধবার রিজার্ভ ডেতে গড়ানো ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচটির ওভার কমিয়ে খেলা হয় ২০ ওভারে। টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৫৯ রান করে রূপগঞ্জ টাইগার্স। সাইফ-সোহানদের ১৫৮ রানে আটকে দিয়ে আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় তারা।
শেষ ১২ বলে জয়ের জন্য বসুন্ধরার দরকার ছিল ২৩ রান। ১৯তম ওভারে আক্রমণে এসে অসাধারণ বোলিং করেন বাঁহাতি স্পিনার হুমায়ুন আহমেদ। দুই উইকেট নিয়ে স্রেফ ৩ রান দেন তিনি। শেষ ওভারে জিয়াউরের ঝড়ের পড়েও তীরে এসে তরী ডোবে তাদের।
৪ ওভারে কেবল ১৮ রান খরচায় তিন শিকার ধরে ম্যাচের সেরা হুমায়ুন।
এদিন রূপগঞ্জ টাইগার্সকে ভালো শুরু এনে দেন আব্দুল মজিদ ও মোহাব্বাত হোসেন। তাদের উদ্বোধনী জুটিতে ৩৯ বলে আসে ৫৭ রান। পরে দ্বিতীয় উইকেটে ৫২ রানের বন্ধন গড়েন আবদুল্লাহ ও মজিদ।
- ট্যাগ:
- খেলা
- ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট