ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ১০:১২
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনজুড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। মঙ্গলবার ভোর রাতে রাজধানী কিয়েভ ও দনিপ্রোসহ বিভিন্ন শহরে চালানো এই হামলায় আহত হয়েছেন ১৩০ জন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী মস্কো টানা দ্বিতীয় রাতের মতো আবারও বড় ধরনের হামলা চালাতে পারে। এক মাসেরও কম সময়ের মধ্যে কিয়েভের ওপর এটি রাশিয়ার তৃতীয় বড় হামলা। গত মাসে ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবেই রাশিয়া কিয়েভে এই পরিকল্পিত হামলা চালিয়েছে বলে জানা গেছে।
এই হামলার পর প্রেসিডেন্ট জেলেনস্কি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং স্বীকার করেছেন যে, রাশিয়ার এই বিশাল হামলা ঠেকাানোর মতো পর্যাপ্ত অস্ত্র বর্তমানে ইউক্রেনের কাছে নেই।