বরিশাল: ঈদে বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
এবার ঈদুল আজহা ঘিরে বরিশালে বিএনপি নেতারা নিজস্ব বলয় গড়ার চেষ্টায় ছিলেন বলে জানা যায়। এ জন্য ঈদের দিন থেকে টানা তিন দিন নিজ উদ্যোগে নেতা-কর্মীদের আপ্যায়ন করান তাঁরা।
ঈদে নেতাদের বাড়িতে দাওয়াত খাওয়া দুই বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অতি শিগগির জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি হতে পারে। দলের জাতীয় সম্মেলনও এ বছর হওয়ার কথা। তা ছাড়া স্থানীয় সরকার নির্বাচনও রয়েছে। এসব কিছু মিলিয়ে ঈদে এবার নেতা-কর্মীদের কদর বেশি। সামনে কর্মী লাগবে। তাই নিজ নিজ বলয় করতে নেতারা তৎপর। এ জন্য দাওয়াতও মুখচেনা।
দলীয় সূত্রে জানা যায়, ঈদের দিন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও এমপি মজিবর রহমান সারওয়ারের বাসায় একজন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারীসহ নেতা-কর্মীদের উপস্থিতি বেশ চোখে পড়েছে। এক যুগ ধরে মজিবর রহমান সারওয়ার ছিলেন বরিশালের রাজনীতিতে অনেকটা কোণঠাসা। এই ঈদে সারওয়ারের বাসায় নেতাদের আপ্যায়ন নিয়ে কৌতূহল দেখা দিয়েছে বিএনপির মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে।
এসব প্রসঙ্গে জানতে মজিবর রহমান সারওয়ারকে কয়েকবার ফোন দেওয়া হলেও সাড়া মেলেনি। তবে সারওয়ারের ঘনিষ্ঠজন নগর বিএনপির সাবেক সহসম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন, ঈদের দিন যে যার বাসায় যেতেই পারেন। এটা নিয়ে প্রশ্ন না করাই ভালো। সিনিয়র নেতা হিসেবে সারওয়ার ভাইয়ের বাসায় অনেকেই গিয়েছেন।