ইরান আলোচনা বন্ধ করায় নেতানিয়াহুকে ট্রাম্পের গালিগালাজ, আটকে দিলেন লেবানন হামলা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লাগাম টানার চেষ্টা করছেন। তিনি বৈরুতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার পরিকল্পনায় কার্যত ব্রেক কষে দিয়েছেন। গতকাল সোমবার লেবাননে ইসরায়েলের সামরিক উত্তেজনা বৃদ্ধির ঘটনায় ট্রাম্প নেতানিয়াহুর ওপর ক্ষোভ ঝাড়েন। ফোনালাপে তিনি একাধিক অশালীন শব্দ ব্যবহার করে গালিগালাজ করেন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এই বিষয়ে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা ও আলোচনার বিষয়ে অবগত আরেকটি সূত্র। এর আগে সোমবারই ইরান হুমকি দেয় যে, লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ড অব্যাহত থাকলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দেবে। এবং আলোচনা বন্ধও করে দেয় তেহরান।
এক ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, বৈরুতে পরিকল্পিত হামলাগুলো আর হবে না। নেতানিয়াহুকে সংযত করতে ট্রাম্পের এই সিদ্ধান্ত ছিল একটি স্পষ্ট বার্তা যে, তিনি চান না—তাঁর ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াক। নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনা ‘দ্রুত গতিতে’ এগিয়ে চলছে।