You have reached your daily news limit

Please log in to continue


ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে গুগলের নতুন উদ্যোগ

ব্যবহারকারীদের অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করতে ক্রোম ব্রাউজারে নতুন একটি সুরক্ষার সুবিধা চালু করেছে গুগল। ‘ক্রোম ডিভাইস বাউন্ড সেশন ক্রেডেনশিয়ালস’ (ডিবিএসসি) নামের এ সুবিধা চালুর ফলে চুরি করা ওয়েবসাইটের কুকিজ ব্যবহার করে অ্যাকাউন্টে অনধিকার প্রবেশের ঝুঁকি অনেকটাই কমে যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। পর্যায়ক্রমে ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের পাশাপাশি গুগল ওয়ার্কস্পেস ও ওয়ার্কস্পেস ইনডিভিজুয়াল ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করা হবে।

বর্তমানে সাইবার অপরাধীরা বিভিন্ন ধরনের ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার ব্যবহার করে ব্যবহারকারীদের ওয়েবসাইট ব্যবহারের তথ্য বা কুকিজ চুরি করে থাকে। এসব কুকিজ কাজে লাগিয়ে অনেক সময় পাসওয়ার্ড বা মাল্টি–ফ্যাক্টর অথেনটিকেশন এড়িয়ে অ্যাকাউন্টে প্রবেশ করা যায়। ফলে কুকিজ চুরির বিষয়টি দীর্ঘদিন ধরেই সাইবার নিরাপত্তার অন্যতম বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এ সমস্যা মোকাবিলায় এপ্রিল থেকে ডিবিএসসি প্রযুক্তির কার্যকারিতা পরখ করছিল গুগল।

ডিবিএসসি প্রযুক্তি ব্যবহারকারীর সেশন /////////কুকিকে//////// নির্দিষ্ট একটি যন্ত্রের সঙ্গে ক্রিপ্টোগ্রাফিকভাবে যুক্ত করে। ফলে কোনো কুকিজ চুরি হলেও সেটি অন্য কোনো যন্ত্রে ব্যবহার করা যায় না বা কারও অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব হবে না। এ প্রযুক্তি ডিভাইসের নিরাপত্তা হার্ডওয়্যারের সহায়তায় কাজ করে। উইন্ডোজভিত্তিক কম্পিউটারে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল (টিপিএম) ও ম্যাক কম্পিউটারে সিকিউর এনক্লেভ নিরাপত্তা চিপ প্রয়োজনীয় ক্রিপ্টোগ্রাফিক কি তৈরি ও সংরক্ষণ করে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন