সিনেমার প্রদর্শনী বন্ধ হওয়ায় মানববন্ধনের ডাক দিলেন রুমিন ফারহানা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি ‘বনলতা এক্সপ্রেস’ ছবির প্রদর্শনীর আয়োজন করেছিল। কওমি ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ছবিটির প্রদর্শনী স্থগিত করেছে কর্তৃপক্ষ। আয়োজক কর্তৃপক্ষ বলেছে, তারা আপাতত প্রদর্শনী স্থগিত করেছে।
ঘটনাটি সারাদেশে শোরগোল তৈরি করেছে। বিশেষ করে শিল্প-সংস্কৃতির মানুষেরা এই ঘটনায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন।
এ ঘটনায় প্রতিবাদে আজ (১ জুন) সোমবার জাতীয় সংসদ সদস্য রুমিন ফারহানা মানববন্ধনের ডাক দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর ইউনিয়নে বিকেল ৪ টা ১৫ মিনিটে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। এই ঘোষণাটা দিয়েছেন রুমিন ফারহানা নিজে।
তিনি ফেসবুক পোস্ট লিখেছেন, ‘উপস্থিত থাকবো আমি রুমিন ফারহানা।’
এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ ছবিটির প্রদর্শনী না করতে যে প্রচার চলছে, সেটা নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন সিনেমাটির নির্মাতা ও প্রযোজক তানিম নূরও। তিনি বলেছিলেন, ‘তারা আমার ছবির পোস্টারে ক্রস চিহ্ন দিয়ে প্রচার করছে, উগ্রবাদী কথাবার্তা বলছে। এটা তো তারা করতে পারে না। ভয়ংকর ব্যাপার, এটা পুরোপুরি বেআইনি। কেউ যদি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদ পাওয়া কোনো ছবি নিষিদ্ধের কথা বলে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’