কলম্বিয়ার নির্বাচনে প্রথম দফায় এগিয়ে ট্রাম্পভক্ত এসপ্রিয়েলা, ভোট গড়াল দ্বিতীয় দফায়
কলম্বিয়ায় গতকাল রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে কোনো প্রার্থী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। দেশটিতে এখন দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মুখোমুখি হবেন ট্রাম্পভক্ত ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা এবং দার্শনিক থেকে সিনেটর বনে যাওয়া বামপন্থী নেতা ইভান সেপেদা।
কলম্বিয়ার নির্বাচন কর্তৃপক্ষ বলেছে, প্রথম দফার নির্বাচনে ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা ৪৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। আর ইভান সেপেদা পেয়েছেন ৪১ শতাংশ ভোট। অন্য প্রার্থীরা তাঁদের তুলনায় অনেক কম ভোট পেয়েছেন। কোনো প্রার্থীই এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে।
নির্বাচনে ৪৭ বছর বয়সী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা প্রত্যাশার চেয়েও ভালো করতে পেরেছেন বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পপন্থী এই নেতা একজন আইনজীবী, গায়ক ও পোশাক ব্যবসায়ী। তিনি নিজেকে ‘দ্য টাইগার’ নামে পরিচয় দেন।
কলম্বিয়ার জাতীয় ফুটবল দলের জার্সি পরে দেওয়া এক আবেগঘন ভাষণে এসপ্রিয়েলা বলেন, ‘প্রয়োজনে আমি কলম্বিয়ার জন্য নিজের জীবনও উৎসর্গ করব।’
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- প্রেসিডেন্ট নির্বাচন