আর বাকি ১১ দিন: বিশ্বকাপের দ্রুততম গোল
আসন্ন ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১১ দিন বাকি। এই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে প্রতিদিন ঐতিহাসিক পরিসংখ্যান ও গল্প নিয়ে কাউন্টডাউন করছে ফিফা। তারই ধারাবাহিকতায় আজ উঠে এসেছে ২০০২ বিশ্বকাপে তুরস্কের কিংবদন্তি স্ট্রাইকার হাকান শুকুরের গড়া সেই বিশ্বকাপের ইতিহাসের দ্রুততম গোলের স্মৃতি।
২০০২ সালের কোরিয়া-জাপান বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। টিভির সামনে বসা কোটি ফুটবলপ্রেমী কিছু বুঝে ওঠার আগেই ইতিহাস গড়ে ফেলেন তুরস্কের কিংবদন্তি স্ট্রাইকার হাকান শুকুর। ম্যাচের ঘড়িতে তখন সময় মাত্র ১১ সেকেন্ড! বিশ্বকাপের ইতিহাসে এখনও এই রেকর্ডটি অক্ষত রয়েছে।
মজার ব্যাপার হলো, গোলটি করার সময় কিক-অফ কিন্তু তুরস্ক করেনি, করেছিল স্বাগতিক দক্ষিণ কোরিয়া। সেন্টার স্পট থেকে কোরিয়ান ডিফেন্ডাররা বল ব্যাক-পাস করতেই ঝাঁপিয়ে পড়েন তুরস্কের ইলহান মানসিজ। কোরিয়ান অধিনায়ক হং মিউংবোর পা থেকে বল কেড়ে নিয়ে তিনি বাড়িয়ে দেন ডি-বক্সের ঠিক সামনে থাকা শুকুরকে। প্রথম টাচেই কোরিয়ান গোলরক্ষক লি উনজেকে পরাস্ত তিনি। ম্যাচে ৩-২ ব্যবধানে জিতেছিল তুরস্ক।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল বিশ্বকাপ