‘টাকা আপনি খাইছেন এটা তো বলিনি’, হাসনাতকে ফোনালাপে জেলা পরিষদ প্রশাসক
কুমিল্লা জেলা পরিষদের তহবিল থেকে অর্থ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়ার সঙ্গে ফোনে কথা বলেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। অর্থ বরাদ্দ নিয়ে ওই আলোচনার মধ্যে তাদের ৫৩ সেকেন্ডের ফোনালাপের একটি রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে উন্নয়ন কাজের জন্য বরাদ্দ পাওয়া অর্থ হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগতভাবে নিয়েছেন- এমন বক্তব্য তিনি দেননি বলে দাবি করেছেন জেলা পরিষদের প্রশাসক।
গতকাল শনিবার (৩০ মে) তাদের কথোপকথনের একটি কলরেকর্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ছড়িয়ে পড়া ৫৩ সেকেন্ডের কলরেকর্ডের শুরুতেই এমপি হাসনাত আবদুল্লাহকে বলতে শোনা গেছে, রাজস্ব খাত থেকে ৫ কোটি, ১০ কোটি টাকা দেবিদ্বারে গেছে.. এসময় মোস্তাক মিয়া বলে ওঠেন, না না, রাজস্ব খাত না, সব খাত মিলাইয়াই আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় (দেবিদ্বার) গেছে। আমি যেডা বলতে চাইছি যে আপনারা বৈষম্যবিরোধী আন্দোলন করছেন, এখন আপনার উপজেলায় গেছে ১০ কোটি, প্রায় ১০ কোটির কাছাকাছি, ওইখানে (মুরাদনগর) গেছে ১৫ কোটি। তো আমনে টাকা খাইছেন এটা তো আমি বলিনি। তখন হাসনাত আবদুল্লাহ প্রশ্ন করেন, আপনে কী বলছেন? এসময় মোস্তাক মিয়া বলেন, আমি বলছি ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা দুই উপজেলায় নিয়ে গেছেন ২৫ কোটি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জেলা প্রশাসক