চুক্তি না হলে ইরানে আবারও হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : পেন্টাগন প্রধান
কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে ইরানে আবারও সামরিক হামলা শুরু করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৩০ মে) হুঁশিয়ারি বার্তা দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ কথা বলেন।
ওয়াশিংটন ও তেহরানের কূটনীতিকরা যখন চলমান যুদ্ধ অবসানের চুক্তিতে পৌঁছানোর জন্য সমঝোতার চেষ্টা করছেন, ঠিক তখনই এই হুঁশিয়ারি বার্তা দেন হেগসেথ।
এশিয়ার শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’-এ অংশ নিতে বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন মার্কিন পেন্টাগন প্রধান। সেখানে তিনি বলেন, ‘প্রয়োজনে আবারও হামলা শুরু করার পূর্ণ সক্ষমতা আমাদের রয়েছে।’
হেগসেথ আরো বলেন, ‘আমাদের অস্ত্রের মজুদ কেবল ওই অঞ্চলেই নয়, বরং বিশ্বজুড়েই এই ধরনের পরিস্থিতির জন্য সম্পূর্ণ উপযুক্ত এবং আমরা অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছি।’
প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করেন যে, ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে থাকলেও যুক্তরাষ্ট্র এশিয়া-প্যাসিফিক বা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে নিজেদের চোখ ফিরিয়ে নেয়নি।
তিনি বলেন, ‘আমরা একসঙ্গে দুটি কাজই করতে পারি। আমরা আমাদের প্রতিরক্ষা শিল্পকে আরো শক্তিশালী করছি, যার ফলে শীঘ্রই আমরা আগের চেয়ে দ্বিগুণ, তিনগুণ বা চারগুণ বেশি গোলাবারুদ তৈরি করতে পারব। এর মাধ্যমে বিশ্বজুড়ে আমাদের সমস্ত সামরিক পরিকল্পনাগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- চুক্তি
- যুদ্ধ বিরতি
- পেন্টাগন