খাদ্য গুদাম সংস্কারের আড়ালে ভবনবিলাসের ছক, টার্গেট ৪৩১ কোটি
দেশের চার জেলায় বিভিন্ন খাদ্য গুদামের ধারণক্ষমতা বাড়াতে গুদাম সংস্কার ও মেরামতে নতুন প্রকল্প হাতে নিচ্ছে খাদ্য অধিদপ্তর। এ প্রকল্প বাস্তবায়ন হলে এসব গুদামে অতিরিক্ত ৬৫ হাজার ৮০০ মেট্রিক টন খাদ্যের কার্যকর ধারণক্ষমতা বাড়বে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪৩১ কোটি ৭৫ লাখ টাকা।
এরই মধ্যে পরিকল্পনা কমিশনে প্রকল্প প্রস্তাবনাও দেওয়া হয়েছে। তবে প্রাথমিক যাচাই-বাছাই শেষে সংশোধনের জন্য প্রস্তাবনাটি ফেরত পাঠিয়েছে কমিশন। সম্প্রতি প্রস্তাবিত প্রকল্প নিয়ে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় জানানো হয়েছে, প্রস্তাবনা থেকে অপ্রাসঙ্গিক বিষয়গুলো যেন বাদ দেওয়া হয়। এমনকি প্রকল্প প্রস্তাবনায় অপ্রয়োজনীয় বিভিন্ন বিষয় যুক্ত করায় পিইসি সভায় ‘অসন্তোষ’ জানিয়ে এসব প্রস্তাবকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলেও উল্লেখ করা হয়েছে।
মূলত, সরকারি কোষাগারের টাকায় ৬৫ হাজার ৮০০ মেট্রিক টন খাদ্য কার্যকর ধারণক্ষমতা বাড়াতে ‘তিনটি সিএসডি (কেন্দ্রীয় সংরক্ষণাগার) ও একটি এলএসডি (স্থানীয় সংরক্ষণাগার) খাদ্য গুদাম ও আনুষঙ্গিক’ নামে এ প্রকল্প হাতে নিচ্ছে খাদ্য অধিদপ্তর।
কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পটিতে আবাসিক, অনাবাসিক ভবন ও রেস্ট হাউজ নামে ভবন নির্মাণসহ নানান বিলাসী উপকরণ যুক্ত করা হয়েছে। যার মূল টার্গেট ৪৩১ কোটি টাকা অনুমোদন করে নেওয়া। প্রকল্পটি ‘খাদ্য গুদাম সংস্কার’ নামে হলেও প্রস্তাবনায় দেখা যায়, ভেতরে ভেতরে বিভিন্ন ভবন নির্মাণের ছক কষা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সংস্কার কাজ
- খাদ্য গুদাম