‘জুলাইয়ের মধ্যে চামড়া খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করবে সরকার’
দেশের চামড়াশিল্পকে আরো শক্তিশালী, আধুনিক ও রপ্তানিমুখী খাতে পরিণত করতে আগামী জুলাইয়ের মধ্যে একটি দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে সরকার। এই পরিকল্পনায় কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শুক্রবার (২৯ মে) রাজধানীর লালবাগের পোস্তায় কোরবানির কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়াশিল্পকে একটি বড় রপ্তানি খাতে পরিণত করাই সরকারের লক্ষ্য। এ জন্য সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী জুলাই মাসের মধ্যে চামড়া খাতের উন্নয়ন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করা হবে।