বিএনপির কাউন্সিলের আগে আলোচনায় যুবদল-স্বেচ্ছাসেবক দলের পুনর্গঠন
দীর্ঘ ১৯ বছরের খরা কাটিয়ে ফের ক্ষমতায় এসেছে বিএনপি। নেতাকর্মীদের উজ্জীবিত থাকার এই সময়ে জাতীয় কাউন্সিল করতে যাচ্ছে দলটি। তা সামনে রেখে এখন অভ্যন্তরীণভাবে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন।
বিশেষ করে জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দল ঘিরে শুরু হয়েছে ব্যাপক হিসাব-নিকাশ। সংগঠন দুটি দীর্ঘদিনের মেয়াদোত্তীর্ণ কমিটি, আংশিক কমিটি ও সাংগঠনিক স্থবিরতার মতো সংকটে পতিত হয়ে আছে। এখন সেখানে নতুন নেতৃত্ব এবং এতে আসতে আগ্রহীদের তদবির নিয়ে চলছে নানা আলাপ। সম্ভাব্য প্রার্থীরা আন্দোলন-সংগ্রামে ভূমিকা, মামলা-হামলা, কারাবরণ ও সাংগঠনিক গ্রহণযোগ্যতাকে বিবেচনায় রেখে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন।
দলীয় সূত্র বলছে, চলতি বছর বিএনপির জাতীয় কাউন্সিলের আগেই যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ একাধিক অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর কমিটি পুনর্গঠন করা হতে পারে। এরই মধ্যে সম্ভাব্য নেতৃত্বের বিষয়ে হাইকমান্ড পর্যায়ে একাধিক দফায় আলোচনা হয়েছে।
যুবদলে পূর্ণাঙ্গ কমিটি না কি নতুন নেতৃত্ব?
২০২৪ সালের ৯ জুলাই ঘোষিত যুবদলের আংশিক কমিটিতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং নুরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। তবে প্রায় দুই বছর হয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। বর্তমানে ছয় সদস্যের আংশিক কমিটি দিয়েই সংগঠনটির কার্যক্রম চলছে।