ইরান চুক্তি নিয়ে নিজ দলেই চাপে ট্রাম্প, সংকীর্ণ হচ্ছে রাজনৈতিক পথ
ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে এগোতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক উভয়সংকটের মুখোমুখি হয়েছেন।
একদিকে হরমুজ প্রাণালি ফের উন্মুক্ত করে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম কমানোর জন্য তার ওপর তীব্র চাপ রয়েছে, অন্যদিকে তেহরানকে কোনো ধরণের ছাড় দিলে নিজ দলের কট্টরপন্থীদের তোপের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রয়টার্স জানিয়েছে, সূত্রের তথ্য অনুযায়ী, একটি খসড়া চুক্তি বিষয়ে দুই দেশ সমঝোতার কাছাকাছি পৌঁছেছে।
এই অন্তর্বর্তীকালীন চুক্তি অনুমোদিত হলে তা চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের পর শান্তির দিকে সবচেয়ে বড় পদক্ষেপ হবে এবং বিশ্বজুড়ে জ্বালানির বাজারে স্বস্তি ফিরবে।
তবে চুক্তির শর্ত অনুযায়ী বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং হরমুজ প্রাণালি খুলে দেওয়ার কথা থাকলেও ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত আলোচনা আপাতত স্থগিত রাখা হচ্ছে। আর এখানেই চটেছেন ট্রাম্পের কট্টরপন্থী রিপাবলিকান সহযোগীরা।